
পটুয়াখালীর বাউফলের নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার ৪১ মাস পর এক শিক্ষিকার পুনরায় যোগদানকে কেন্দ্র করে উঠেছে চাঞ্চল্যকর অনিয়মের অভিযোগ। এ ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় এক সংবাদকর্মী, যার ভিত্তিতে তদন্তে নামে মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল।
ঘটনার বিবরণঃ জানা গেছে, ২০১১ সালের ৪ এপ্রিল সমাজবিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন মাসুমা বেগম। পরবর্তীতে ২০১২ সালের ১ নভেম্বর তিনি এমপিওভুক্ত হন। কিন্তু চাকরিতে থাকা অবস্থায় তিনি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না থাকলেও বেতন-ভাতা গ্রহণ করেন, যা বিদ্যালয় পরিচালনা কমিটির সভার রেজুলেশনে লিপিবদ্ধ রয়েছে।
পরবর্তীতে ২০১৯ সালের ২৭ মার্চ শারীরিক অক্ষমতার কথা উল্লেখ করে মাসুমা বেগম স্বেচ্ছায় অব্যাহতি গ্রহণ করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর এমপিও বাতিলের জন্য শিক্ষা অধিদপ্তরে চিঠিও পাঠায় এবং সেটি কার্যকর হয়।
অবশ্য অব্যাহতির দীর্ঘ ৪১ মাস পর, ২০২২ সালের ১৩ আগস্ট তিনি আবারও পূর্বের পদে পুনরায় যোগদান করেন। অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষক মো. মাহাবুব আলমের সহযোগিতায় ওই ৪১ মাসের বেতন-ভাতা উত্তোলন করেন মাসুমা বেগম।
রাজনৈতিক প্রভাব ও তদন্তে বাধাঃ স্থানীয়ভাবে এ ঘটনায় তীব্র সমালোচনার সৃষ্টি হলেও, মাসুমা বেগম সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজের ব্যক্তিগত সহকারী মাহবুবুর রহমানের আপন বোন হওয়ায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনিয়মকে নিয়মে পরিণত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।
ঘটনার প্রেক্ষিতে স্থানীয় সংবাদকর্মী রাশিদুল ইসলাম ইজাজ শিক্ষা মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দায়ের করলে, গতকাল সোমবার (২৫ আগস্ট) তদন্তে আসে শিক্ষা মন্ত্রণালয়ের একটি টিম।
তবে, তদন্ত চলাকালীন সময়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শামিম আনোয়ারের ভাই কেনান এবং অভিভাবক সদস্য জহিরুল্লাহ অভিযোগকারী সাংবাদিক রাশিদুল ইসলাম ইজাজের সঙ্গে অসদাচরণ করেন এবং প্রকাশ্যে দেখে নেওয়ার হুমকি দেন।
সাংবাদিকদের সুপারিশ ও নিরাপত্তাহীনতাঃ তদন্তকারীরা জানান, তদন্ত চলাকালে বাউফলের তিনজন স্থানীয় সাংবাদিক অভিযুক্ত শিক্ষিকার পক্ষে সুপারিশ করেন, যা তদন্ত প্রভাবিত করার অপচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
অভিযোগকারী সাংবাদিক রাশিদুল ইসলাম ইজাজ জানান, “আমি ন্যায়বিচারের স্বার্থে অনিয়মের বিরুদ্ধে অভিযোগ করেছি। কিন্তু এখন আমাকে হুমকি দেওয়া হচ্ছে এবং তদন্ত প্রভাবিত করার চেষ্টা চলছে। এতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এ ঘটনায় তিনি সোমবার রাতেই বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জনমত ও প্রশাসনের অবস্থানঃ স্থানীয়দের মতে, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের অনিয়ম ঢাকতে সাংবাদিকদের সুপারিশ অত্যন্ত দুঃখজনক এবং এতে সঠিক তদন্ত বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তারুজ্জামান সরকার বলেন, “তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, “তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672