
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের সদর উপজেলায় বাঁকখালী নদীতে নিখোঁজ মিসবাহ উদ্দিন (১৪) নামের একটি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত কিশোর মিসবাহ উদ্দিন ঝিলংজা চাঁন্দেরপাড়া এলাকার মাওলানা নুরুল আলমের পুত্র।
নিখোঁজের ৩৮ ঘন্টা পর আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ইউনিয়নের চাঁন্দের পাড়া বাঁকখালী ব্রিজ এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি সদস্য মাওলানা ফজলুল করিম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৬ আগস্ট বিকেল পাঁচটার দিকে বাঁকখালী নদীর চাঁন্দের পাড়া পয়েন্টে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে স্রোতের টানে ডুবে যায় কিশোর মিসবাহ উদ্দিন। এরপর ফায়ার সার্ভিস ও ডুবুরি দল টানা তল্লাশি করেও মরদেহ পাওয়া যায়নি। একই সাথে স্থানীয় লোকজনও তল্লাশি কার্যক্রম চালায়। এক পর্যায়ে আজ সকাল আটটার দিকে বাঁকখালি ব্রিজ এলাকায় ভাটায় জেগে উঠা চড়ে কিশোর মিসবার মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
জানা গেছে, বিগত ২০ মাস আগে মাওলানা নুর আলমের আরেক পত্র নকিব উদ্দিন স্থানীয় মসজিদের পুকুরে পড়ে মারা গিয়েছিল। ২০ মাসের ব্যবধানে দুই পুত্রকে হারিয়ে সুখে বিহ্বল হয়ে পড়েছেন পিতা-মাতা সহ আত্মীয়-স্বজনরা।
এই ব্যাপারে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন জানিয়েছেন, কিশোে মিসবাহ উদ্দিন নিখোঁজের পর থেকে জেলা পরিষদ ও উপজেলা প্রশাসন সার্বক্ষণিক তদারকি করেছে। তাকে উদ্ধারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডুবুরিদল সমুদ্র সৈকতের লাইভ গার্ড মোতায়েন করে তল্লাশি কার্যক্রম চালানো হয়।
ইউএনও জানান, মৃত কিশোরের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিকভাবে সহায়তা করা হবে।