
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও জেলা কৃষকদলের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক (জসিম) ফকির বিএনপির সকল পদ থেকে পদত্যাগ করে জামায়াতে ইসলামী বাংলাদেশে যোগদান করেছেন।
শুক্রবার দুপুরে বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজ সড়কের উপজেলা জামায়াত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি। এ সময় দলীয় ফরম পূরণ করে জামায়াতের সদস্যপদ গ্রহণ করেন।
আবু বকর সিদ্দিক ২০০৫ সালে যুবদলের রাজনীতিতে যুক্ত হন। দীর্ঘ ২০ বছর তিনি উপজেলা যুবদল ও কৃষকদলে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে,কারাবরন করেছেন।
তবে উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে তিনি দল ত্যাগের সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন।
আবু বকর সিদ্দিক (জসিম) ফকির বলেন, বিএনপিতে সিনিয়রদের দাপটে ত্যাগী নেতারা অবহেলিত লাঞ্চিত, সত্য ও সততার ভিত্তিতে রাজনীতির জায়গা নেই। তাই সব পদ থেকে সরে দাঁড়িয়েছি। জামায়াতে ইসলামীর দলের আদর্শ ও কর্মকাণ্ড আমাকে আকৃষ্ট করেছে। সে কারণেই আমি এ দলে যোগ দিয়েছি।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমতলী উপজেলা শাখার নায়েবে আমির অধ্যাপক মাওলানা ইলিয়াস হোসাইন, জেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আবদুল মালেক, উপজেলা সেক্রেটারি মো. মোফাজ্জল হোসেন,এ্যাড.বাচ্চু, প্রভাষক কবির হোসেন, মাহবুবুর রহমান মঈন পহলান, আবুল হাসান মৃধা ও আবদুল খালেকসহ অন্যরা।
জামায়াত ইসলামির নেতা ইলিয়াস হোসাইন বলেন, জামায়াত একটি শান্তি প্রিয় ইসলামী রাজনৈতিক দল। এই দলের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যে কেউ এখানে যোগ দিতে পারে। আজকে যুবদল নেতা আবু বকর সিদ্দিক জসিম আমাদের দলে যোগ দিয়েছেন,আমরা তাকে ফুলের তোরা দিয়ে সাদরে গ্রহণ করেছি।
এ বিষয়ে আমতলী উপজেলা যুবদল ও পৌর বিএনপির আহ্বায়ক কবির উদ্দিন ফকির বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন। এখানে কেউ আসবে, কেউ চলে যাবে- এতে দলের কিছু যায় আসেনা।