
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিকেল ৫টায় বাউফল থানা সংলগ্ন গণঅধিকার পরিষদের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ বাউফল উপজেলা শাখার আহ্বায়ক মো. হাবিবুর রহমান, সদস্য সচিব সাকিল আহম্মেদ, ছাত্র অধিকার পরিষদের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুল ইসলাম, যুব অধিকার পরিষদ বাউফল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. হাসান মাহমুদ এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ পটুয়াখালী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আমিন প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে নুরুল হক নূরের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এ ধরনের ন্যক্কারজনক হামলা গণতান্ত্রিক মূল্যবোধ ও স্বাধীন মতপ্রকাশের পরিপন্থী।