
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর বাউফলে পরিচালিত হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে শাহজাহান সিকদার বাড়ির পাশের খালটি স্বেচ্ছাশ্রমে পরিষ্কার করা হয়।
দীর্ঘদিন ধরে খালটিতে জমে থাকা কচুরিপানার কারণে পানি নিষ্কাশনে সমস্যা দেখা দেয়, ফলে কৃষকদের জমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছিল এবং দেখা দিয়েছিল ফসলহানির আশঙ্কা। বিষয়টি নজরে আসার পর স্থানীয় কৃষকদের দাবির পরিপ্রেক্ষিতে ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম চৌধুরীর নেতৃত্বে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোশারফ হোসেন সিকদার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মৃধা, যুবদল নেতা শাহজাদা ও আজাদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় কৃষকদের মতে, খাল পরিষ্কারের ফলে জমির পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত হয়েছে, যা চাষাবাদে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে ডালসহ বিভিন্ন রবি ফসলের আবাদ এখন সহজ হবে।
একজন কৃষক বলেন, “খাল পরিষ্কার হওয়ায় এখন আর ফসল নষ্ট হওয়ার আশঙ্কা নেই। বরং জমিতে ভালোভাবে আবাদ করা যাবে। আমরা বিএনপির এই উদ্যোগে সত্যিই উপকৃত।”
স্থানীয়রা মনে করছেন, বিএনপির এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ শুধু কৃষকদের মুখে হাসি ফোটায়নি, বরং দলীয় নেতাকর্মীদের সামাজিক ভাবমূর্তিও আরও উজ্জ্বল করেছে।