
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি জেলা প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির প্রার্থীতার বিরুদ্ধে রিট আবেদনকারী এক নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি প্রদান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তা এবং সারাদেশে শিবির নেতাকর্মীদের দ্বারা নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে চলমান সাইবার বুলিংয়ের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাউফল সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ ২রা সেপ্টেম্বর, মঙ্গলবার সকাল ১১টায় বাউফল সরকারি কলেজ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং বর্তমান পরিস্থিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ সময় বক্তারা বলেন, “ছাত্রশিবিরের নেতাকর্মীরা নারীদের নিরাপত্তা এবং মর্যাদার প্রতি হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা একটি জঘন্য উদাহরণ। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।”
তারা আরও বলেন, “দেশজুড়ে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে যে অব্যাহত সাইবার বুলিং চলছে, তা রুখে দিতে হবে। জাতীয়তাবাদী ছাত্রদল নারীর অধিকার ও সম্মানের পক্ষে বরাবরের মতোই রাজপথে ছিল, আছে, থাকবে।”
কর্মসূচির অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিল কলেজ চত্বর প্রদক্ষিণ করে শেষ হয়।