
মহিবউল্লাহ কিরন,বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনা জেলার বামনা উপজেলার শীর্ষ সন্ত্রাসী রিহান হাওলাদারকে (৩২) আটক করেছে বাংলাদেশ নৌবাহিনীর একটি চৌকস দল। মঙ্গলবার (২ সেপ্টেম্বর)২০২৫ সকালে বামনা নৌবাহিনী ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্র জানায়, রিহান জোড়ার সগির হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, ডাকাতি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ২০টিরও বেশি মামলা আদালতে চলমান রয়েছে। তাকে আটক করার সময় নৌবাহিনী তার কাছ থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করে।
গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী তার অবস্থান শনাক্ত করে। অভিযান চালানোর সময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে রিহান ঘরের দরজা ফেলে বাগানের ভেতর দিয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করে নৌবাহিনী।
রিহান আলোচিত শামীম খানকে হত্যাচেষ্টা ও তার বাড়িতে ডাকাতির মামলার ১ নম্বর আসামি। এছাড়া মঠবাড়িয়া সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য লতিফ ঘরামী হত্যা মামলাসহ একাধিক মামলার প্রধান আসামি তিনি।
স্থানীয়রা জানান, রিহান ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল। তার গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে বাংলাদেশ নৌবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন।