
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর বাউফলে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাউফল উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনিরুল ইসলাম মনির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খায়রুল ইসলাম কাজল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরিদ উদ্দিন গাজী, বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. মুজাহিদুল ইসলাম, সূর্যমণি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিন্টু হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন রিয়াজ, সূর্যমণি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ফারুক হোসেন ও নাজিরপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মুজাহিদ।
সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি নেতাকর্মীরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে মাঠে থেকে লড়াই চালিয়ে যাচ্ছে। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, আগামী জাতীয় নির্বাচনে বাউফলসহ সারাদেশের মানুষ বিএনপির পক্ষে রায় দেবে।
প্রধান অতিথির বক্তব্যে মনিরুল ইসলাম মনির বলেন, “বিএনপি জনগণের দল। গণমানুষের অধিকার ফিরিয়ে আনতেই আমরা ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাচ্ছি। শহীদ জিয়ার আদর্শ এবং খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা এ লড়াইকে বিজয়ের পথে নিয়ে যাব।”
দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।