
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় অপহরণের শিকার হওয়া তিন জন স্থানীয় কৃষক তিন দিন অপহরণ কারীদের হাতে জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন। অপহরণের স্বীকার ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, অপহরণকারীরা তাদের কাছ থেকে প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছেন।
মুক্তিপণ দিয়ে বাড়ি আসা ব্যক্তিরা হলেন- ওই ইউনিয়নের চৌকিদার পাড়া এলাকার মো. আব্দুল্লাহর ছেলে মো. আলী (৩২), আবুল মনজুরের ছেলে রহমত উল্লাহ (১৬) এবং আব্দুস সালামের ছেলে সুলতান আহমদ (৩৪)।
গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে প্রথমে কৃষক মো. আলীকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়। দুপুরে ক্ষেত-খামারে যাওয়ার সময় রহমত উল্লাহ এবং পানের বরজে কাজ করার সময় সুলতান আহমদকে একই কায়দায় অপহরণ করে নিয়ে যায় চক্রটি।
অপহরণের পর তাদের তিন জনকে পাহাড়ের দিকে নিয়ে যাওয়া হয়। সেখানে ৭২ ঘণ্টারও বেশি সময় ধরে তাদের কে আটকে রেখে নির্যাতনের পাশাপাশি মুক্তিপণ দাবি করা হয়। অবশেষে রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুক্তিপণের টাকা পরিশোধের পর তারা অসুস্থ শরীর নিয়ে বাড়ি ফেরেন।
ভুক্তভোগী মো. আলীর স্বজন ইমাম হোসেন বলেন, ‘তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
তিনিসহ স্থানীয় আরও কয়েকজন অভিযোগ করে বলেন, ‘প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে টেকনাফে অপহরণ এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। এর আগেও অনেক ভুক্তভোগী মুক্তিপণ দিয়ে ফিরতে বাধ্য হয়েছেন।’ তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘এভাবে চলতে থাকলে উখিয়া ও টেকনাফে সাধারণ মানুষের পক্ষে নিরাপদ ও স্বাভাবিক জীবনযাপন সম্ভব হবে না।’ তাই দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এলাকাবাসী ।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, ‘অপহরণ হওয়া তিন কৃষক বাড়ি ফেরার খবর পেয়েছি।’
কক্সবাজার জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৯ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে মোট ২৬৩ জনকে অপহরণ করেছে অপহরণ কারী চক্র । তাদের মধ্যে থেকে অধিকাংশকে মুক্তিপণ দিয়েই ফিরতে হয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672