
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে মাহবুব আলম মিন্টু (৩৫) নামের এক স্কুল শিক্ষককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মধ্য জৌতা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মিন্টু উপজেলার ১৩৮ নং চর ব্যারেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মধ্য জৌতা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মিন্টুর আমণ ধানের জমিতে প্রতিবেশী জামাল মাদবরের হাঁস ঢুকে পড়ে এবং বীজ নষ্ট করে। এসময় মিন্টু হাঁসগুলো তাড়িয়ে দিলে বিষয়টি জামালের স্ত্রী ময়না বেগম তার স্বামী ও ছেলেকে জানান। পরে বেলা ১১টার দিকে মিন্টু নিজ বাড়ির সামনে গেলে জামাল মাদবর ও তার ছেলে বগি দা দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাম্মি আক্তার তরন বলেন, আহতের বাম পাশের হিপ জয়েন্টে গভীর ক্ষত রয়েছে। রক্তক্ষরণ বন্ধ করার পর তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।