
খোলাকন্ঠ ডেস্ক রিপোর্টঃ
ফরিদপুরের সদরপুরে নিখোঁজ হওয়ার ৩দিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ। ১১ সেপ্টেম্বর সকালে উপজেলার ভাষানচর ইউনিয়নের আদু বেপারীর ডাঙ্গী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম জাহিদ বেপারী (৩৫)। তিনি একই এলাকার মোতালেব বেপারীর ছেলে।
জানা যায়, গত সোমবার বাড়ি থেকে বের হওয়ার ৩দিন যাবৎ নিখোঁজ ছিলেন জাহিদ নামের ঐ যুবক। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। আজ সকালে পুকুরে লাশটি দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দেয় স্থানীয়রা।
এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার মরদেহ দেখতে শত শত এলাকাবাসী ভিড় জমায়। বিবাহিত জীবনে জাহিদ বেপারী ও তার স্ত্রী ও বাবা মা নিয়ে বাড়িতে বসবাস করতেন।
সদরপুর থানার এস আই মো. মোতাহার আলি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। তদন্ত অব্যহত রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।