
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনা জেলার ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সকল নেতাকর্মীদের উপস্থিতিতে গণ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫ প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক (PR) ভোট পদ্ধতির ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখা এক বিশাল গণসমাবেশ করেছে। শনিবার সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম। তিনি বলেন, “গণহত্যার বিচার না হলে জাতি মুক্তির স্বপ্ন দেখতে পারবে না। সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে সংখ্যানুপাতিক পদ্ধতি ছাড়া বিকল্প নেই।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ (পীর সাহেব কেওড়াবুনিয়া)। তিনি বলেন, “দেশের উন্নয়নের জন্য ন্যায়ভিত্তিক রাষ্ট্র সংস্কার অপরিহার্য। ইসলামী মূল্যবোধ অনুসরণ ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়।”
তিনি আরও ঘোষণা দেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বরগুনা-১ আসনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা, উপজেলা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “প্রতারণামূলক নির্বাচনের মাধ্যমে নয়, বরং সংখ্যানুপাতিক হারে ভোট (PR) পদ্ধতির মাধ্যমে জনগণের মতামত ও অধিকার নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা অসম্ভব।”
গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি এবং বরগুনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান কাসেমী। তিনি বলেন, “জনতার রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হলেও আজও গণতন্ত্র ও ন্যায়বিচারের স্বাদ আমরা পাইনি। সংখ্যানুপাতিক ভোট পদ্ধতির মাধ্যমেই জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটানো সম্ভব।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আব্দুশ শাকুর।
গন সমাবেশ শেষে পৌর শহরের প্রধান সড়ক গুলোতে একটি গন মিছিল প্রদক্ষিনের মাধ্যমে তাদের দাবি-দাওয়া উত্থাপিত করে গণ সমাবেশের আয়োজন শেষ করেন।