
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনায় ভিন্নধর্মী প্রতিযোগিতা: স্ত্রীদের সামনেই পেঁয়াজ-মরিচ পাটায় বাটলেন স্বামীরা
সমাজে নারী-পুরুষের কাজের বিভাজন ভাঙতে এবং পারিবারিক কাজে পুরুষদের সম-অংশগ্রহণ নিশ্চিত করতে বরগুনায় অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এক প্রতিযোগিতা— ‘জেন্ডার রোল শিফটিং গেইম’।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১০টায় সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে সপ্তাহব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে। বাবর আলী পাখিবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্ত্রীদের সামনেই পুরুষরা পেঁয়াজ ও শুকনা মরিচ বেটে অংশ নেন প্রতিযোগিতায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য নিজামউদ্দিন। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সেলিম হাওলাদার, শামসুল হক ও নাসির উদ্দিন প্যাদা। স্থানীয় শতাধিক নারী-পুরুষ এ ভিন্নধর্মী প্রতিযোগিতা উপভোগ করেন।
প্রতিযোগিতায় কমিউনিটির ১০ জন পুরুষ অংশ নেন। পরে অংশগ্রহণকারীরা অনুভূতি প্রকাশ করে বলেন—
“আমাদের স্ত্রীরা প্রতিদিন সংসারের সব কাজ করতে গিয়ে কষ্ট করেন। অথচ আমরা তাদের সেই কাজের মূল্য দিই না। আজকের এই খেলায় অংশ নিয়ে বুঝতে পেরেছি ঘরের কাজগুলো কতটা পরিশ্রমের। এখন থেকে আমরা স্ত্রীর কাজে সহযোগিতা করব।”
এ বিষয়ে ‘জাগো নারী উইলি’ প্রকল্পের ব্যবস্থাপক শুখলা মুখার্জী বলেন,
“এই গেমের মূল লক্ষ্য হলো সমাজে নারী-পুরুষের প্রচলিত কাজের বিভাজন ভেঙে নারীর কাজকে মর্যাদা দেওয়া এবং পারিবারিক কাজে পুরুষদের সম্পৃক্ত করা। পাশাপাশি নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা করাই আমাদের উদ্দেশ্য।”
আয়োজনে অংশগ্রহণকারী এবং দর্শকদের মন্তব্যে স্পষ্ট, এই প্রতিযোগিতা শুধু বিনোদন নয়, সমাজে লিঙ্গ সমতার ধারণা ছড়িয়ে দেওয়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।