
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে দুর্বৃত্তদের হাতে ব্যবসায়ী ছিনতাই ও টানা দুই দফা হামলার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। গুরুতর আহত ওই ব্যবসায়ী বর্তমানে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী ব্যবসায়ী মিজান কাজীর ছোট ভাই মিরাজ কাজী বাদী হয়ে অজ্ঞাতনামা ৩–৪ জনকে আসামি করে থানায় এজাহার দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর বাজারে ক্ষুদ্র ঋণ সমবায় সমিতি ও তেলের ব্যবসার কাজ শেষে বাড়ি ফিরছিলেন মিজান কাজী। পথিমধ্যে বাড়ির কাছাকাছি পৌঁছালে মুখোশধারী ৩–৪ জন দুর্বৃত্ত তার পথরোধ করে এলোপাতাড়ি মারধর করে। এতে তার মাথার ডানপাশে গুরুতর আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত জখম হন। এসময় দুর্বৃত্তরা তার কোমরের সাইড ব্যাগ থেকে নগদ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে লোহার রড দিয়ে হত্যার চেষ্টা করলে তিনি প্রাণপণ প্রতিরোধ করে বেঁচে যান।
তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে প্রথমে নুরাইনপুর বাজারে নিয়ে যায়, পরে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পরিবারের দাবি, ঘটনার দুই দিন পর আবারও দুর্বৃত্তরা গভীর রাতে বাসায় গিয়ে তার ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা আটক করতে পারেনি।
মিজান কাজীর ছোট ভাই মিরাজ কাজী বলেন, “আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। শুধু টাকা ছিনতাই নয়, তাকে বারবার টার্গেট করে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। অথচ পুলিশ এখনো কাউকে শনাক্ত করতে পারেনি। এতে আমরা পরিবারসহ চরম আতঙ্কে আছি।”
এ বিষয়ে বাউফল থানার এসআই সাইদুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আসামিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশি অভিযান চলছে। দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।”
টানা দুই দফা হামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় না আনা হলে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে।