
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বুনিয়াদি প্রশিক্ষণের অংশ হিসেবে ৪১তম ও ৪৩তম বিসিএস-এ উত্তীর্ণ কর্মকর্তাদের একটি দল বুধবার (১৭ সেপ্টেম্বর) বরগুনা জেলা সফর করেছেন।
এ উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক শুভেচ্ছা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মাসুদ, পিপিএমসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় পুলিশ সুপার নবনিযুক্ত বিসিএস ক্যাডারদের উদ্দেশে বলেন, “জনগণের কল্যাণে শতভাগ স্বচ্ছতা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে।” তিনি মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ও সিভিল সার্ভিসে দায়িত্ব পালনের নানা দিকনির্দেশনা তুলে ধরেন।
এ সময় নতুন ক্যাডার কর্মকর্তারা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং বরগুনার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে ঘনিষ্ঠভাবে অবগত হওয়ার সুযোগ পান।