
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
লজিক প্রকল্পের আওতায় বাস্তবায়িত PBCRG স্কীমের টেকসই সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৭ সেপ্টেম্বর বেলা ১১টায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলার স্থানীয় সরকার উপপরিচালক অনিমেষ বিশ্বাস এবং সভাপতিত্ব করেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
কর্মশালায় অপারেশন ম্যানেজমেন্ট কমিটির সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অনিমেষ বিশ্বাস বলেন, “লজিক প্রকল্পের আওতায় বাস্তবায়িত ইনোভেটিভ স্কীমগুলো সঠিকভাবে পরিচালনার মাধ্যমে টেকসই করতে হবে। এজন্য সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। জলবায়ু সহনশীল এ স্কীমগুলোর টেকসই পরিচালনায় সরকার সবসময় পাশে আছে। তাই আন্তরিকতার সাথে পরিচালনা করে জনগণকে সেবা গ্রহণের সুযোগ দিতে হবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, “কর্মশালার মূল উদ্দেশ্য হলো, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জনগণমুখী প্রকল্পগুলোকে দীর্ঘমেয়াদে কার্যকর রাখার কৌশল তৈরি করা। এ ধরনের কর্মশালা মাঠপর্যায়ে উন্নয়নের গতি ত্বরান্বিত করবে।”
কর্মশালায় বক্তারা আরও উল্লেখ করেন, PBCRG সেবামূলক স্কীমগুলোর সুষ্ঠু রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা হলে জনগণ সরাসরি উপকৃত হবে এবং সরকারের উন্নয়ন কার্যক্রমে সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে।