
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবীন সাংবাদিক আলহাজ্ব কায়েস চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় নিজ বাড়ী জগন্নাথপুর উপজেলার নয়াবন্দর এলাকার জহিরপুর শাহী ইদগাহ মাঠে জানাজা নামাজ শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। জানাজা নামাজের ইমামতি করেন মাওলানা নেওয়াজ আহমদ। জানাজার নামাজে আশারকান্দি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান কবি ও গবেষক দীনুল ইসলাম বাবুল, সাংবাদিক আব্দুল ওয়াহিদ, মাওলানা আবু সালেহ আহমদ, বিএনপি নেতা হাজী সোহেল আহমদ খান টুনু, সাংবাদিক ইয়াকুব মিয়া সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
প্রবীন সাংবাদিক আলহাজ্ব কায়েস চৌধুরী মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুর খবরে গণমাধ্যমকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহলের নেতৃবৃন্দ শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।