
নাজমুল আদনান টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
সন্তানের জন্মনিবন্ধন করা নিয়ে জটিলতায় পড়েছেন বাল্যবিবাহ হওয়া বাবা-মা। এতে শিশুর ১৮ ধরনের সেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় সরকার বিভাগ বলছে, অভিভাবকরা লিখিতভাবে প্রতিকার চাইলে বিষয়টি জন্ম-মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষকে জানানো হবে।
ঘাটাইলে সন্ধানপুর ইউনিয়ন বাসিন্দা মাসুমা তার শিশু সন্তানের জন্মনিবন্ধন করতে বেশ কয়েকদিন ধরে সন্ধানপুর ইউনিয়ন ঘোরাফেরা করছেন। অনলাইনে আবেদন করলেও সফটওয়্যারে তার আবেদন গ্রহণ করছে না। বলা হচ্ছে শিশুটির মায়ের বয়স ১৮ বছরের কম।
ভুক্তভোগী মাসুমা বলেন, ‘অমার জন্ম সাল ২০০৮। আমার জন্মনিবন্ধন অনুযায়ী আমার বয়স ১৮ না হওয়ায় আমার মেয়ের জন্মনিবন্ধন করা যাবে না বলে দিয়েছে। কিন্তু মেয়ের জন্মনিবন্ধন করা জরুরি। এজন্য বার বার ইউনিয়ন পরিষদের আসছি। কথা বলছি। দেখি সমস্যার সমাধান করতে পারি কিনা।’
শুধু মাসুমার সন্তান নয়, সারাদেশে তার মতো ১৮ বছরের কম বয়সী মায়ের সন্তানেরা জন্মনিবন্ধন করতে পারছে না। এমনকি বাবার বয়স ২২ বছরের কম হলেও জন্মনিবন্ধন করা যাচ্ছে না।
ঘাটাইল উপজেলা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা বলেন, বাংলাদেশে আইন করে বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। তারপরও অনেকের বাল্যবিয়ে হচ্ছে এবং তারা সন্তান জন্ম দিচ্ছেন। জন্মনিবন্ধনের নতুন সফটওয়্যার আসার পর আমরা অনেক আবেদন পেয়েছি, যাদের মায়ের বয়স ১৮ বছরের কম। অনলাইনে তাদের জন্ম নিবন্ধন আবেদন করা সম্ভব হয়নি। বাধ্য হয়ে ফেরত দিয়েছি। এ বিষয়ে আমাদের কিছুই করণীয় নেই।
সন্ধানপুর ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা বলেন, ‘আমরা প্রতি মাসে এ ধরনের ৪/৫টি আবেদন পাই। কম বয়সী বাবা-মায়েরা সন্তানদের জন্মনিবন্ধনে সৃষ্ট সমস্যার কথা বললেও তারা মানতে চান না। অনেকে দুর্ব্যবহারও করেন।’
ইউনিয়নের সচিব বলেন, ‘বাল্যবিবাহের জন্য এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার বাবা-মায়ের কারণে শিশুটি তার প্রথম নাগরিক অধিকার জন্মনিবন্ধন করতে ব্যর্থ হচ্ছে। এর ফলে ওই শিশুর টিকা গ্রহণ, স্কুল ভর্তি থেকে শুরু করে ১৮ ধরনের সরকারি সেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর একটি আশু সমাধান প্রয়োজন।’