
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে হুমকি ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ জাহিদুল হাসান শফিক (৪৯) গত শনিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের ১১ সেপ্টেম্বর বগা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির আওতাধীন ডিলার মোঃ সুলতান সিকদারের ডিও (ডেলিভারি অর্ডার) বাতিল হলে উপজেলা খাদ্য অধিদপ্তর নতুন করে শফিকের নামে ডিও ইস্যু করে। কিন্তু এরপর থেকেই তাঁকে নানা হুমকি ও ভয়ভীতি প্রদর্শন শুরু হয়।
শফিক অভিযোগ করেন, গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগা বন্দর লঞ্চঘাটে অবস্থানকালে বগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বাবুল মৃধা (৫৫) মোবাইল ফোনে কল দিয়ে ক্ষুব্ধ ভাষায় বলেন—
“তুই কেন সুলতান সিকদারের ডিলারের ডিও কাটলি? ওই ডিও আমার লোকেরাই তো নেয়।”
এরপর তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মালামাল সরবরাহ না দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়।
শফিক আরও জানান, বাবুল মৃধা তাঁকে বারবার ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তাঁর ছবি ব্যবহার করে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চলছে। এমনকি একাধিকবার চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা না দেওয়ায় তাঁকে ক্ষতি করার ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
অন্যদিকে, মোঃ বাবুল মৃধা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি তাকে শুধু চাল আগের ডিলারের কাছে ফেরত দেওয়ার অনুরোধ করেছি। তিনি ডিওর জন্য যে টাকা জমা দিয়েছেন সেটি ফেরত নেওয়ার কথাও বলেছি। কিন্তু আমি কোনো হুমকি দিইনি কিংবা চাঁদাও দাবি করিনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”
বাউফল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপকে ঘিরে এলাকায় দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ও রাজনৈতিক টানাপোড়েন চলছে। এর ফলে সাধারণ উপকারভোগীরাও হয়রানির শিকার হচ্ছেন।