
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল সরকারি কলেজে দীর্ঘদিন ধরে সাইকেল ও মোটরসাইকেল রাখার জন্য কোনো নির্দিষ্ট স্থান বা গ্যারেজ না থাকায় শিক্ষার্থীরা নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছেন। এতে প্রায়ই যানবাহন চুরি বা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় তারা দুশ্চিন্তায় পড়েন।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষের কাছে একটি গ্যারেজ নির্মাণের দাবি জানানো হয়। আবেদনপত্রটি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবুল বশার তালুকদারের হাতে তুলে দেন বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি ইপ্তেখার রাসুল সাইমুন।
শিক্ষার্থীদের দাবির বিষয়ে অধ্যক্ষ আবুল বশার তালুকদার বলেন, “গ্যারেজ নির্মাণের বিষয়টি কলেজ প্রশাসন গুরুত্ব সহকারে বিবেচনা করছে। খুব শিগগিরই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”
শিক্ষার্থীরা জানান, প্রতিদিন কয়েকশ’ শিক্ষার্থী সাইকেল ও মোটরসাইকেল নিয়ে কলেজে আসেন। কিন্তু নির্দিষ্ট গ্যারেজ না থাকায় কেউ ভবনের সামনে, আবার কেউ ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে যানবাহন রেখে যান। এতে চুরির ঝুঁকির পাশাপাশি প্রায়ই ভাঙচুর ও দুর্ঘটনার ঘটনা ঘটে।
একজন সাধারণ শিক্ষার্থী বলেন, “যানবাহন রাখার জন্য একটি নির্দিষ্ট স্থান থাকলে আমরা নিশ্চিন্তে পড়াশোনা করতে পারতাম। অধ্যক্ষ স্যারের আশ্বাসে আমরা আশাবাদী।”
স্থানীয় শিক্ষাবিদরাও মনে করেন, কলেজ ক্যাম্পাসে সাইকেল ও মোটরসাইকেল রাখার জন্য নির্দিষ্ট গ্যারেজ স্থাপন শুধু শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য নয়, বরং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্যও জরুরি।