
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল পৌর শহরে নিয়মবহির্ভূতভাবে পরিচালিত তিনটি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিককে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলু এবং এমওডিসি গোলাম মোস্তাহিদ তাসরিক।

অভিযানে “মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২” এর ধারা ৯ লঙ্ঘনের অপরাধে একই আইনের ধারা ১৩ অনুযায়ী পলি এক্সরে এন্ড প্যাথলজি, বাউফল হেলথ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং ইসলামিয়া ক্লিনিক এন্ড চক্ষু হাসপাতাল—এই তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লাইসেন্স সংক্রান্ত অনিয়ম ও যথাযথ নিয়মনীতি না মেনে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ধরা পড়লে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।