
আনিসুর রহমান, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন এর মাঝিপাড়া গ্রামে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে দীর্ঘদিন ধরে চলছে মানহীন গ্যাসচুলা তৈরির কারখানা। স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটির চুলাগুলোর কোনো নির্দিষ্ট ব্র্যান্ড বা কোম্পানির নাম নেই, তবে বাজারজাত করার সময় উন্নত মানের নামী কোম্পানির লেবেল লাগিয়ে বিক্রি করা হচ্ছে।
ফলে সাধারণ ক্রেতারা প্রতারিত হয়ে এসব নিম্নমানের চুলা কিনে বিপদে পড়ছেন। এসব চুলা দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়াচ্ছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও এলাকার সন্ত্রাসীদের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছে কারখানার মালিকপক্ষ। তিতাস গ্যাসের কর্মকর্তারা একাধিকবার অভিযান চালালেও কারখানাটি বন্ধ করা সম্ভব হয়নি।
ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন, যাতে অবৈধ গ্যাস সংযোগ বন্ধ করে মানহীন চুলা উৎপাদনের এই প্রতারণা রোধ করা যায়।