
রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় বসুরহাট রিলাক্স কনভেনশন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা জামায়াতের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন। তিনি বলেন, “ধর্মীয় উৎসবগুলোকে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপন করতে সহযোগিতা করা আমাদের সকলের দায়িত্ব। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা সামাজিক শান্তি প্রতিষ্ঠায় অত্যন্ত জরুরি।”
এ সময় বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশারফ হোসাইন, সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, পৌরসভা জামায়াতের সেক্রেটারি এবিএম হেলাল উদ্দিনসহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ। তারা ধর্মীয় সহমর্মিতা, সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান ও উৎসবকালীন নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মাষ্টার সন্তোষ কুমার, মাষ্টার অসীম কুমার, শ্যামল দাসসহ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ। তারা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে এ ধরনের মতবিনিময় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক।”