
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার পাথরঘাটায় নিখোঁজের একদিন পর ধানখেত থেকে রিয়াজ (৩৫) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নিহত রিয়াজ সদর ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের মো:মতি হাওলাদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বড় ভাইয়ের নতুন রিকশা নিয়ে বের হয়েছিলেন রিয়াজ। রাত ৯টার দিকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। পরিবারের সদস্যরা সারা রাত খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
শুক্রবার সকালে নিখোঁজের ঘটনায় রিয়াজের পরিবার পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। এরপর দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের কাজীরহাট এলাকার ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
এদিকে, রায়হানপুর ইউনিয়নের পিপুলিয়া হোগলপাতি এলাকা থেকে রিয়াজের চালানো অটো রিকশাটি ব্যাটারি ছাড়া পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সুরত হাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পরিবার রিয়াজের হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।