
মোঃ মোজাফফার আহমেদ, বিলাইছড়ি উপজেলা প্রতিনিধিঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজা ২১ সেপ্টেম্বার ২০২৫ তারিখে দুপুর ১২:১৫ থেকে দুপুর ১:১৫ পর্যন্ত রাঙামাটির বিলাইছড়িতে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় পূজা উদযাপনে শৃঙ্খলা, নিরাপত্তা এবং সার্বিক সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক, ৩২ বীর বিলাইছড়ি জোনের প্রতিনিধি সার্জেন্ট মোঃ জিয়ারুল হক (বাজার আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ডাঃ রনি সরকার, বিলাইছড়ি থানার প্রতিনিধি এসআই আঃ রউফ, উপজেলা আনসার প্রশিক্ষক মল্লিকা চাকমা, ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু সুনীল কান্তি দেওয়ান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ হাসান শিকদার, বিলাইছড়ি মৌজার হেডম্যান বিমলী চাকমা, উপজেলা যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম, বিলাইছড়ি ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ওমর ফারুক, পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু শুভাশীষ চক্রবর্তী, ও পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা।
সভায় আসন্ন পূজাকে কেন্দ্র করে সম্ভাব্য বিভিন্ন চ্যালেঞ্জ ও তার সমাধানে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করা, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, এবং স্বেচ্ছাসেবকদের ভূমিকা নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়।
আলোচনায় অংশ নিয়ে প্রশাসনের কর্মকর্তারা সবাইকে সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আহ্বান জানান। তারা বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সর্বদা সতর্ক থাকবে। পাশাপাশি, সবার সহযোগিতা পেলে রাঙামাটিতে এবারের দুর্গাপূজা সফল ও নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে তারা আশা প্রকাশ করেন।
এই সভার মধ্য দিয়ে বিলাইছড়ি দুর্গাপূজার আনুষ্ঠানিক প্রস্তুতির সূচনা হলো, যা ধর্মীয় সম্প্রীতি ও উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তুলবে বলে ধারণা করা হচ্ছে।