
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে গলায় কলা আটকে মোতালিব (৩ বছর ৬ মাস) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে।
নিহত মোতালিবের বাবা সোহেল প্যাদা ঢাকায় একটি প্লেনসিটের দোকানে চাকরি করেন।
স্থানীয়রা জানান, ঘটনার সময় শিশুটিকে তার সেজ বোন একটি কলা খেতে দেন। খাওয়ার একপর্যায়ে কলার একটি টুকরা গলায় আটকে যায়। এ সময় অবস্থার অবনতি হলে শিশুটির মা ও বোনেরা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে দ্রুত তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দুপুর ১২টা ২০ মিনিটে স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মোস্তাহিদ শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসক জানান, শিশুটির গলা থেকে কয়েক টুকরা কলা বের করা হয়।
পরিবারের তিন বোনের পর একমাত্র ভাই ছিল মোতালিব। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।