
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল সরকারি কলেজের খেলার মাঠ দখলের অপচেষ্টা এবং নির্মাণাধীন সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কলেজের খেলার মাঠ শিক্ষার্থীদের একমাত্র বিনোদন ও ক্রীড়া চর্চার জায়গা। স্থানীয় একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে মাঠটি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি কলেজ প্রশাসন মাঠ রক্ষায় সীমানা প্রাচীর নির্মাণ শুরু করলে ওই মহল নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে শিক্ষার্থীদের ক্ষোভ চরমে পৌঁছেছে।
মানববন্ধনে শিক্ষার্থীরা স্লোগান দেন— “খেলার মাঠ দখল চলবে না”, “শিক্ষার্থীদের প্রাণ ভোমরা মাঠ রক্ষা করতে হবে”, “সীমানা প্রাচীর নির্মাণ বাধাদাতাদের বিচার চাই”।
কর্মসূচিতে নেতৃত্ব দেন বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইপ্তেখার রাসুল সাইমুন। তিনি বলেন, “আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে এই মাঠ। এখানে আমরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে আসছি। খেলার মাঠ রক্ষা করা আমাদের ন্যায্য অধিকার। কোনো মহল যদি এটি দখল করতে চায়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।”
এসময় শিক্ষার্থীরা কলেজ প্রশাসনের প্রতি দ্রুত মাঠের প্রাচীর নির্মাণ সম্পন্ন করার দাবি জানান এবং দখলবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।