
আনিসুর রহমান, সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাচঁপুর এলাকায় বিশেষ অভিযানে প্রায় ২ কোটি ৩ লাখ টাকা মূল্যের অবৈধ চিংড়ির রেণু জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৮টার দিকে কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা এ অভিযান চালায়। কক্সবাজার থেকে সাতক্ষীরাগামী তিনটি সন্দেহজনক ট্রাক তল্লাশি করে ৪০ লাখ ৬০ হাজার পিস অবৈধ চিংড়ির রেণু জব্দ করা হয়।
জব্দকৃত রেণু পরে নারায়ণগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ এবং অফিস সহকারী কাউছার আহমেদের উপস্থিতিতে বুড়িগঙ্গা নদীতে অবমুক্ত করা হয়। ট্রাক চালক ও সহকারীদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়েছে।
কোস্ট গার্ড জানায়, দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।