
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলায় এ বছর রেকর্ডসংখ্যক ৬২টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলায় সর্বাধিক পূজা আয়োজিত হওয়ায় বাউফল এখন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। পূজা উপলক্ষে ইতোমধ্যেই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন স্থানীয় পূজা উদযাপন ফ্রন্ট, মণ্ডপ কমিটি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে।
গতকাল সোমবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলামের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি আনসার-ভিডিপি এবং অন্যান্য বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
বাউফল পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি নিতাই দেবনাথ ও সাধারণ সম্পাদক কর্মকার জানান, এ বছর সব পূজামণ্ডপকে শতভাগ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, “আশা করি অসাম্প্রদায়িক চেতনা ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে এবারের পূজা সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপিত হবে।”
তবে তিনি অভিযোগ করে আরও বলেন, অতীতের পূজা উদযাপন পরিষদ ব্যাপক দুর্নীতির আশ্রয় নিয়েছিল। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তদন্ত সাপেক্ষে তাদের শাস্তির দাবি জানান।
সভায় বিভিন্ন পূজামণ্ডপের নেতারাও বক্তব্য রাখেন এবং পূজাকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।