
১৭ বছরে আত্মসাৎ প্রায় ৩৮ লাখ টাকা, আইনশৃঙ্খলা কমিটির সভায় উত্তেজনা
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল পূজা উদযাপন পরিষদের বরাদ্দকৃত অর্থ নিয়ে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির সভায় দুই পক্ষের মধ্যে চরম বাগ্বিতণ্ডার ঘটনাও ঘটেছে।
স্থানীয় পূজা উদযাপন পরিষদের সদস্য পলাশ দাস অভিযোগ করে বলেন, গত ১৭ বছরে কমিটির সভাপতি সনজিৎ সাহা, সাধারণ সম্পাদক অতুল চন্দ্র পাল, সদস্য জিতেন চন্দ্র রায় ও সাংস্কৃতিক সম্পাদক শংকর বর্ণিক মিলে প্রায় ৩৮ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
তিনি আরও অভিযোগ করেন, প্রতিবছর পূজার জন্য সরকারি অনুদান আনার সময় সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর পাওয়ার শর্তে বাউফলের ৬৫টি মন্দির থেকে ১ হাজার টাকা করে চাঁদা নেওয়া হয়। এছাড়া উপজেলার সাত-আটটি মন্দিরে ঘটপূজা আয়োজনের নামে সভাপতি ও সম্পাদককে প্রতি বছর ২০ হাজার টাকা দিতে হয়।
পলাশ দাস দাবি করেন, এ বছর দুর্গাপূজায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে ৭৩টি মন্দিরের জন্য বরাদ্দ আসলেও বাস্তবে বাউফলে কখনো এত সংখ্যক মন্দিরে পূজা অনুষ্ঠিত হয়নি। অভিযোগ রয়েছে, এ বছরও প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা লুটপাট করা হয়েছে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাউফল পূজা কমিটি এখন আর ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের সংগঠন নয়, বরং এটি রাজনৈতিক লুটপাটের কমিটিতে পরিণত হয়েছে।”