
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী পূর্বপাড়া এলাকায় হাইকোর্টের রিট পিটিশন নং ১৬৩৭০/২৪–এর আদেশ বাস্তবায়নে গাফিলতির অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমানের বিরুদ্ধে। স্থানীয় বাদী মনির হোসেন দাবি করেছেন, আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও ইউএনও গত নয় মাস ধরে কার্যকর কোনো পদক্ষেপ নেননি।
মনির হোসেন জানান, হাইকোর্টের আদেশ বাস্তবায়নের জন্য তিনি একাধিকবার লিখিত আবেদন করেছেন। তবে ইউএনও শুধু নামমাত্র কিছু চিঠি জারি করলেও বাস্তবায়নে দৃশ্যমান কোনো উদ্যোগ নেননি।
অভিযোগে আরও বলা হয়েছে, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর নানাখী পূর্বপাড়ার মালোছ এলাকায় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মুল্লুক হোসেনের ছেলে ও নাতিরা বিএনপির নাম ব্যবহার করে স্থানীয় একটি মসজিদ দখল করে। মসজিদের নামে প্রাপ্ত দান-অনুদানের অর্থ আত্মসাৎ এবং মসজিদের জমি দখল করে মাদ্রাসা নির্মাণের মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহের অভিযোগও তোলা হয়েছে। স্থানীয়দের ধারণা, সংগৃহীত অর্থের একটি অংশ প্রভাবশালী মহল ও প্রশাসনের কিছু ব্যক্তিকে দিয়ে হাইকোর্টের আদেশ বাস্তবায়নের বিষয়টি গোপন রাখা হয়েছে।
মনির হোসেনের দাবি, রিট পিটিশনের ৭ নম্বর বিবাদীরা মসজিদের প্রায় ২২ শতাংশ জমি (প্রায় কোটি টাকারও বেশি মূল্যের) বিক্রি করে পুরো অর্থ আত্মসাৎ করেছেন। এসব বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একাধিক লিখিত অভিযোগ দিলেও কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে তিনি অভিযোগ করেছেন।
এ বিষয়ে জানতে ইউএনও ফারজানা রহমানের মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য: অভিযোগের বিষয়গুলো বাদী ও স্থানীয়দের দাবি; প্রমাণের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।