
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল পরিমাণ বই বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। স্থানীয়দের সহযোগিতায় শিক্ষার্থীরা বইগুলো হাতেনাতে উদ্ধার করে বিদ্যালয়ে জমা দিয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধুলিয়া ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমা আক্তার প্রথম থেকে পঞ্চম শ্রেণির নতুন-পুরাতন সরকারি বই স্থানীয় ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ হানিফ হাওলাদারের কাছে বিক্রি করেন। বইগুলো ভ্যানে করে নেওয়ার সময় শিক্ষার্থীরা বিষয়টি টের পেয়ে স্থানীয়দের জানায়।
পরে স্থানীয়রা হানিফকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তিনি বিষয়টি অস্বীকার করেন। পরে স্বীকার করেন যে, তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে মোট ৫ হাজার ৮৫০ টাকায় বই ও পুরাতন খাতা কিনেছেন। স্থানীয়দের চাপে তিনি বইগুলো ফেরত দেন এবং বিদ্যালয়ে জমা রাখা হয়।
অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক মাসুমা আক্তার বলেন, “পুরাতন খাতা বিক্রির সময় ভুলবশত কিছু বই চলে গেছে।”
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছা. মেহেরুন্নেছা জানান, “মাত্র এক সপ্তাহ হলো আমি যোগদান করেছি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”