
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল আদর্শ বালিকা বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম ও তার সহধর্মিণী নুরই আয়েশা সুচিকে সংবর্ধনা দিয়েছে শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের নিয়মিত পাঠদান শেষে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের কারণে শিক্ষার্থীদের পাঠ কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
অনুষ্ঠানের শুরুতে ইউএনও বিদ্যালয়ের সীমানা প্রাচীর উদ্বোধন করেন। পরে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন, শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম বলেন,
“আমাদের ইউএনও স্যার শিক্ষা খাতে আন্তরিকভাবে কাজ করছেন। বিদ্যালয়ের সভাপতি হিসেবে তিনি সবসময় উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করছেন। শিক্ষার্থীরা তাকে কাছ থেকে দেখে অনুপ্রাণিত হয়েছে।”
সংবর্ধনা উপলক্ষে শিক্ষার্থীরা ফুল দিয়ে ইউএনও ও তার সহধর্মিণীকে বরণ করে নেয়। নৃত্য, সংগীতসহ সাংস্কৃতিক পরিবেশনা ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। শিক্ষার্থীদের জন্য হালকা নাশতার ব্যবস্থা করা হয় এবং বিদ্যালয়ের পক্ষ থেকে ইউএনও দম্পতিকে ক্রেস্ট ও ফুল প্রদান করা হয়।
অভিভাবকরা জানান, বাউফলে একজন তরুণ, সৎ ও কর্মঠ কর্মকর্তা দায়িত্ব পালন করছেন—এটি এলাকাবাসীর জন্য সৌভাগ্যের বিষয়।
ইউএনও আমিনুল ইসলাম বলেন,
“আমি সবসময় চেষ্টা করি শিক্ষা, উন্নয়ন ও সুশাসনকে প্রাধান্য দিতে। শিক্ষার্থীরা আমাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছে, এটি আমার জীবনের বড় পাওয়া। আমি তাদের জন্য কাজ করাই আমার দায়িত্ব।”
এদিকে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন,
“ইউএনও ওই স্কুলের সভাপতি। স্কুল ছুটির পরে শিক্ষার্থীরা যদি আনন্দ-উৎসাহের মধ্য দিয়ে ইউএনওকে সংবর্ধনা দিয়ে থাকে, সেটি একটি ইতিবাচক দিক। তবে শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেটি নিশ্চিত করতে হবে।”
স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে প্রশাসনের সেতুবন্ধন আরও মজবুত করবে।