
মোঃ মোজাফফার আহমেদ (আফজাল) বিলাইছড়ি উপজেলা প্রতিনিধিঃ
বিলাইছড়ি, রাঙামাটি: পাহাড়, অরণ্য এবং স্নিগ্ধ প্রকৃতির এক অপরূপ মিশেলে সেজে উঠেছে বিলাইছড়ি উপজেলা। সম্প্রতি এই এলাকার একটি নতুন পর্যটনকেন্দ্র, “নীলাদ্রি রিসোর্ট এন্ড শিশু পার্ক”, পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয়তা লাভ করেছে। এখানে আসা দর্শনার্থীরা এখানকার মনোরম দৃশ্য, সবুজ পাহাড়ের সারি এবং দৃষ্টিনন্দন স্থাপনায় মুগ্ধ হচ্ছেন।

নীলাদ্রি রিসোর্টটির প্রবেশদ্বারে বড় বড় অক্ষরে লেখা “I Love Bilaichari” যা পর্যটকদের আকর্ষণ করছে। রিসোর্টের ভেতরে শিশুদের জন্য দোলনা ও স্লিপার-সহ একটি খেলার মাঠও রয়েছে। এছাড়া ঝুলন্ত ব্রিজ, বসার জায়গা এবং বিভিন্ন ধরনের গাছ ও ফুল দিয়ে সাজানো বাগান এখানকার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। মেঘলা আকাশ আর সবুজের এই মেলবন্ধন পর্যটকদের মনে এক প্রশান্তির ছোঁয়া দিচ্ছে।

স্থানীয়রা মনে করেন, বিলাইছড়ির মতো জায়গায় এ ধরনের পর্যটনকেন্দ্র গড়ে উঠলে তা এখানকার অর্থনীতির জন্য খুবই সহায়ক হবে। বিশেষ করে, স্থানীয়দের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে এবং পর্যটন খাতের আরও উন্নয়ন ঘটবে।
প্রশাসন এবং স্থানীয় উদ্যোগক্তারা এই স্থানটিকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য কাজ করছেন। আশা করা যায়, ভবিষ্যতে বিলাইছড়ি পার্বত্য চট্টগ্রামের একটি অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিতি পাবে।