
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া ইউনিয়নের গোপালিয়া ও চরঘুনাথদ্দী চরে বিষপ্রয়োগে ৯টি মহিষ মারা গেছে। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষতির অভিযোগ করেছেন মহিষের মালিকরা। স্থানীয়দের ধারণা, মাছ ধরার জন্য অসাধু জেলেরা চরে বিষ ব্যবহার করায় এ দুর্ঘটনা ঘটেছে।
মারা যাওয়া মহিষগুলোর মধ্যে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের আ. রশিদ হাওলাদারের ২টি, সাইবেরহাট এলাকার সোহাগ হোসেনের ৪টি এবং ভেদুরিয়ার মো. মাসুদের ৩টি রয়েছে। এরা তিনজন মালিক মিলে প্রায় ৮০টি মহিষ নিয়ে গত দেড় মাস ধরে ওই চরাঞ্চলে চরাচ্ছিলেন।
মালিক মাসুম জানান, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মহিষগুলো গোপালিয়াচরে চরানোর পর ফেরত আনার সময় হঠাৎ একে একে ১৫টি মহিষ অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার আগেই ৯টি মারা যায় এবং বাকি ৬টি এখনও অসুস্থ অবস্থায় রয়েছে। তিনি বলেন, “এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হলো। আমরা নিঃস্ব হয়ে গেলাম।”
স্থানীয় হান্নান হাওলাদার বলেন, “চরের মধ্যে কিছু জেলে দীর্ঘদিন ধরে জাল ফেলে মাছ ধরে আসছে। ধারণা করা হচ্ছে তারা মাছ ধরার জন্য বিষ ব্যবহার করায় ঘাসে বিষ লেগে মহিষগুলো খেয়ে মারা গেছে। এসব অসাধু জেলেদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া জরুরি।”
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকার জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাওয়া যায়নি।