
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলের কালাইয়া বানিজ্যিক বন্দরের আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এনায়েত হোসেনের মুদি ও মনোহরির দোকান সম্পূর্ণ এবং সাহাবুদ্দিন সাবুর হার্ডওয়ারের দোকান আংশিক ভস্মীভূত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এনায়েত হোসেনের মুদি দোকান থেকেই আগুনের উৎপত্তি হয় এবং মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
বাউফল ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোহরব হোসেন জানান, “লন্ড্রি বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। জানা গেছে, এনায়েত হোসেন মুদি দোকানের পাশাপাশি চা বিক্রি ও লন্ড্রির ব্যবসাও করতেন।”