
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
সারা দেশের মতো বরগুনায়ও নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস-২০২৫। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ (পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. নূরুল আমিন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সোহেল হাফিজ সহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আয়োজকরা জানান, পর্যটনের প্রসার ও সম্ভাবনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাই এ দিবস পালনের মূল উদ্দেশ্য। বরগুনার সুন্দর সমুদ্রসৈকত, নদী, বন ও লোকজ সংস্কৃতি দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যটনে বিশেষ ভূমিকা রাখতে পারে।
র্যালি পরবর্তী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য পর্যটন খাতকে এগিয়ে নিতে হবে। এ জন্য স্থানীয় পর্যায়ে অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পর্যটন প্রচারণা বাড়ানো জরুরি।