
আনিসুর রহমান সোনারগাঁ (নারায়ণগঞ্জ): প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের চর চেঙ্গাকান্দী মৌজার আকাশ গত কয়েক বছর ধরে ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। এলাকাবাসীর অভিযোগ, পাশের এইচকেজি (HKG) স্টিল মিলে উৎপাদন প্রক্রিয়ার সময় নির্গত বিষাক্ত ধোঁয়ার কারণে বায়ুদূষণ ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে।
স্থানীয়দের মতে, মিলের চিমনি থেকে অবিরাম কালো ধোঁয়া বের হচ্ছে, যা শুধু চোখ ও শ্বাসকষ্টের সমস্যাই বাড়াচ্ছে না, বরং শিশু ও প্রবীণদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় ধোঁয়ার ঘনত্ব বেড়ে যায়, ফলে সূর্যের আলোও ম্লান হয়ে আসে।
চর চেঙ্গাকান্দী এলাকার একাধিক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে তারা মিল কর্তৃপক্ষের কাছে দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছেন, কিন্তু এখনো তেমন কোনো উদ্যোগ চোখে পড়ছে না। স্থানীয় পরিবেশকর্মীরা দ্রুত পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের নজরদারি এবং আইনগত পদক্ষেপের দাবি করেছেন।
পরিবেশ বিশেষজ্ঞদের মতে, স্টিল মিলে আধুনিক ফিল্টারিং ও বর্জ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকলে এমন ধোঁয়া বায়ু ও স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদি ক্ষতি ডেকে আনতে পারে।
প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি দেখা দেওয়ার আশঙ্কা করছেন।নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক জানান এ ব্যাপারে আমরা অবগত রয়েছি। তবে আপনারা লিখিত অভিযোগ করলে অভিযান পরিচালনা করব।