
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি ও পূজামণ্ডপ সমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বরগুনা জেলা প্রশাসক মোঃ শফিউল আলম ও পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার আজ জেলা সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন সদ্য ঘোষিত বরগুনা জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক মো: নজরুল ইসলাম মোল্লা ও সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন।
সার্বজনীন আখড়াবাড়ী পূজামণ্ডপ পরিদর্শনকালে বরগুনা থানার অফিসার ইনচার্জসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এ পূজামণ্ডপসহ জেলার মোট ১২৯টি পূজামণ্ডপে দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার পূজা উদযাপনকে উৎসবমুখর ও নির্বিঘ্ন রাখতে সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সদ্ভাব রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট প্রশাসন ও পূজা উদযাপন কমিটির সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক মোঃ শফিউল আলম বলেন, পূজা মণ্ডপে আসা ভক্ত ও দর্শনার্থীরা যাতে নিরাপদে উৎসব উপভোগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সুষ্ঠুভাবে দুর্গাপূজা সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।
জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোল্লা সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং বলেন
জেলা উপজেলার প্রতিটি পূজা মন্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে পুজার নিরাপত্তা নিশ্চিত করনে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বলা হয়েছে।