
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদার।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বাউফল রিপোর্টার্স ইউনিটিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনটির নবনির্বাচিত সভাপতি সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক জিএম মশিউর রহমান মিলনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
মতবিনিময় সভায় শহিদুল আলম তালুকদার বলেন, “সাংবাদিকরা সমাজের আয়না। তাদের কলমের মাধ্যমে সমাজের ভালো-মন্দ প্রতিফলিত হয়। বাউফলে বিএনপির ইতিবাচক কর্মকাণ্ডের পাশাপাশি গঠনমূলক সমালোচনাও যেন স্বাধীনভাবে প্রচারিত হয়—এটাই আমাদের প্রত্যাশা।” তিনি আরও আহ্বান জানান সাংবাদিকদের প্রতি, যাতে তারা কোনো দলীয় পক্ষপাতিত্ব না করে নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করেন।
সভায় বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক এমপি শহিদুল আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান হাং, নাজিরপুর ইউনিয়ন বিএনপি সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন, বিএনপি নেতা অধ্যাপক সেলিম, সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি সাইফুল ইসলাম জুরান, সাবেক পৌর ছাত্রদল আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।