
মো.সাইদুল ইসলাম, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
সমাজ সেবা ফোরাম চিতলীয়া-এর উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ ক্যাম্পে প্রায় ২ শতাধিক মানুষ চিকিৎসা পরামর্শ নেন।
চিকিৎসাসেবা প্রদানকারী ডাক্তাররা বলেন, উদ্যোগটি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে এবং সমাজকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

চিতলিয়া প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি মো: নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো: রুবেল মিয়া এক যৌথ বিবৃতিতে এ আয়োজনের জন্য আয়োজকদের অভিনন্দন জানান। একই সঙ্গে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রাজু (কানাডা) বলেন, এলাকার যুব সমাজের এ উদ্যোগ তাকে গর্বিত করেছে। ভবিষ্যতে হাসপাতাল নির্মাণের মতো বড় উদ্যোগে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করবেন বলেও জানান তিনি।

এছাড়া সংগঠনের অর্থ সম্পাদক মো: জাকির হোসেন বিশেষভাবে কিছু ওষুধ ও সরঞ্জাম সরবরাহ করে সহযোগিতা করেন। এজন্য আয়োজকরা তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সমাজ সেবা ফোরামের সভাপতি সাহেদ আহমদ জানান, ফ্রি মেডিকেল ক্যাম্পে কয়েকটি বিভাগে ভাগ করে দায়িত্ব বণ্টন করা হয়েছিল। সক্রিয় সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করেছেন। তিনি আরও বলেন, ভবিষ্যতেও ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পের আয়োজন করা হবে।

সবশেষে তিনি ফোরামের প্রধান মো: সাইফুর রহমান, মো: গিয়াস উদ্দিন, জুনেদ আহমেদ ফাহিমসহ সকল সহযোগীকে আন্তরিক ধন্যবাদ জানান।