
মোঃরাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে জেলেদের মাঝে মানবিক সহায়তার চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নে এ অনিয়মের অভিযোগ পাওয়া যায়। অভিযুক্তরা হলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মাহমুদুল হাসান হিরন এবং ভারপ্রাপ্ত (প্যানেল) চেয়ারম্যান মো. সুমন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বাউফলের জেলেদের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রতিজনকে ২৫ কেজি করে চাল দেওয়ার কথা ছিল। মোট ১৭৭ জন জেলের জন্য বরাদ্দ হয় ৪ হাজার ৪২৫ কেজি চাল।
তবে অভিযোগ রয়েছে, বিনামূল্যে বিতরণের কথা থাকলেও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও প্যানেল চেয়ারম্যান জেলেদের কাছ থেকে ‘ভাড়ার’ নামে টাকা আদায় করেছেন। প্রত্যেক জেলের কাছ থেকে ৫০ টাকা করে মোট ৮,৮৫০ টাকা সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়াও প্রতিজন জেলেকে ২৫ কেজির পরিবর্তে ২০ কেজি করে চাল দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
স্থানীয় একাধিক জেলে সাংবাদিকদের কাছে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। জেলে সোহেল বলেন, “আমরা চাল নিতে গেলে সচিব আমাদের দাঁড় করিয়ে রাখেন। পরে তাদের নির্ধারিত ৫০ টাকা দিলে চাল দেন।” অপর জেলে ছাইফুল বলেন, “আমি ৫০ টাকা দিয়েছি, ২০ কেজি চাল পেয়েছি। অথচ দেওয়ার কথা ছিল ২৫ কেজি।”
এ বিষয়ে কাছিপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, “আমরা ১৭৭ জনের বরাদ্দ পেয়েছি, ১৭৭ জনকেই চাল বিতরণ করেছি।” তবে টাকার বিষয়ে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করেন। একইভাবে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সুমনও চাল ও টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।