
শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:-
পাবনার সুজানগর উপজেলার মথুরাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আব্দুল মান্নানকে (৬৭) দীর্ঘ ৩৪ বছর ইমামতি শেষে রাজকীয়ভাবে বিদায় জানিয়েছেন এলাকাবাসী।
শুক্রবার (১০ অক্টোবর) জুমার নামাজের পর ফুলে সাজানো ঘোড়ার গাড়িতে করে তাকে বাড়ি পৌঁছে দেন স্থানীয়রা। এসময় আয়োজন করা হয় অটোরিকশা ও মোটরসাইকেল শোডাউনও। মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে তাকে দেওয়া হয় নগদ অর্থ ও উপহার সামগ্রী।
১৯৯৩ সাল থেকে টানা ৩৪ বছর ধরে ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন বাড়ইপাড়া গ্রামের এই আলেম। বার্ধক্যজনিত কারণে স্বেচ্ছায় অবসর নেওয়ার পর তার সম্মানে এ ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়।
স্থানীয়রা জানান, ইমাম মান্নান সাহেব সত্য ও ন্যায়ের পথে থেকে সমাজে দীন প্রচারে কাজ করেছেন। তার চলাফেরা, ব্যবহার ও দ্বীনি শিক্ষা সবার হৃদয়ে স্থান করে নিয়েছে।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাতেম আলী খান বলেন, “তিনি শুধু ইমাম নন, আমাদের পথপ্রদর্শক। সমাজে ইসলামের আলো ছড়াতে নিরলসভাবে কাজ করেছেন।”
আবেগঘন কণ্ঠে ইমাম মান্নান বলেন, “এই মসজিদ আর গ্রামবাসী আমার জীবনের বড় অংশ। এত ভালোবাসা ও সম্মান পেয়ে আমি কৃতজ্ঞ ও আবেগাপ্লুত।”
স্থানীয়রা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।