
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় পৌরসভার ৯নং ওয়ার্ডের দারুল উলুম বাউফল কওমি মাদরাসা ও দারুল ইফতা মাদরাসা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব সোহাগ মিলু। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আব্দুর রউফ।
এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ নূরনবী, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মিসেস মেহেরুন্নেসা, ডা. ফাতেমা আক্তার (জুঁথি), স্বাস্থ্য পরিদর্শক মাসুম বিল্লাহ এবং স্বাস্থ্য সহকারী মোঃ হারুন অর রশিদ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে ডা. আব্দুর রউফ জানান, টাইফয়েড টিকাদান কার্যক্রমে উপজেলার মোট ১ লাখ ২৮৬ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ৬৫ হাজার ২৮৪ জন ও কমিউনিটিতে ৩৫ হাজার ২ জন শিশুকে টিকা দেওয়া হবে। ক্যাম্পেইনটি চলবে ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত।
উদ্বোধনের প্রথম দিন ৭টি ইউনিয়নের ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ হাজার ৭৮৮ জন শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়।
প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) জনাব সোহাগ মিলু বলেন, “শূন্য থেকে ১৫ বছর বয়সী কোনো শিশু যেন টিকাদান থেকে বাদ না পড়ে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। এ বিষয়ে অভিভাবকদের বিশেষ ভূমিকা রাখতে হবে।”