
পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর কুয়াকাটার চর বিজয়ে শুরু হয়েছে ব্যাপক বনায়ন অভিযান। উপকূলীয় বন বিভাগ, পটুয়াখালীর মহিপুর রেঞ্জের উদ্যোগে সোমবার (১৩ অক্টোবর ২০২৫) সকালে প্রায় ৪০ হাজার ঝাউ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক।তিনি বলেন, নিয়মিত বনায়ন ও পরিচর্যা অব্যাহত থাকলে এই এলাকা একদিন প্রাকৃতিক বন ও অতিথি পাখির নিরাপদ অভয়াশ্রমে পরিণত হবে।
বন বিভাগের ‘সুফল প্রকল্প’-এর আওতায় এই বনায়ন কর্মসূচিতে মোট ৪০ হাজার ঝাউ চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম দিনে প্রায় ৮ হাজার চারা রোপণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বনায়ন কার্যক্রম চলাকালে চর বিজয়ে একটি আহত সি-গাল পাখি উদ্ধার করেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক। পরে তিনি পাখিটিকে চিকিৎসা ও পরিচর্যার জন্য স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ সংগঠন ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’র কলাপাড়া শাখার কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, “চর বিজয়ে দীর্ঘদিন ধরে বন বিভাগের বনায়ন কার্যক্রম চলছে। উপকূলীয় অঞ্চলকে প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা এবং জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যেই এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে বন বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবেশপ্রেমীরা উপস্থিত ছিলেন।