
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশ কর্তৃক শিক্ষক নির্যাতনের প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়।
মঙ্গলবার ১৪ই অক্টোবর বেলা ১১ টায় বরগুনা শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর রোডের প্রেসক্লাব চত্বরে মিজান টাওয়ারের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন আইডিয়াল কলেজের প্রভাষক ইলিয়াস হোসেন ফজলুল হক কলেজের প্রভাষক জাকির হোসেন কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মো. শাহজাহান উত্তর খাজুরা এসহাকিয়া আলিম মাদ্রাসার প্রভাষক জাকির হোসেন বুড়িরচড় স্কুলের প্রধান শিক্ষক সোহেলী পারভিন আবদুল গণি মাদ্রাসার সহকারী শিক্ষক শাহজালাল রুমী।
বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য জাতীয় প্রেসক্লাবের সামনে গত সোমবার পূর্বঘোষিত লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশ নেন। ওই দিন দুপুরের দিকে হঠাৎ শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ শিক্ষকদের লাঠিপেটাসহ সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করেন। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন। ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে দাঁড়ানো শিক্ষকদেরকে ফ্যাসিস্ট কায়দায় নির্যাতন করা হয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
একই সঙ্গে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষা ও অর্থ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়। তা না হলে, শিক্ষকদের কর্মবিরতি ও ঢাকার শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলমান থাকবে এবং প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলানোর হুঁশিয়ারিও দেয়া হয়।