
ক্রাইম রিপোর্টার: মোঃ রাজিব খাঁনঃ
রাজশাহী জেলার মোহনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বারনয় নদীতে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দুইটি সুতি জালের স্থাপনা ধ্বংস করা হয় এবং অবৈধভাবে স্থাপন করা জাল পুড়িয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।
মঙ্গলবার ১৪/১০/২৫ সকাল ১১ টার সময় মোহনপুর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মৎস্য বিভাগ ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশ নেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে নদীতে অবৈধভাবে মাছ ধরার কারণে প্রজনন ব্যাহত হচ্ছে এবং নদীর জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে অবৈধ সুতি জালসহ অন্যান্য নিষিদ্ধ সামগ্রী ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় জনগণ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ রক্ষায় আরও কড়া নজরদারির দাবি জানিয়েছে।