
রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গাংচিল আবাসনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—জহিরুল ইসলাম মারুফ (৭) ও সাইফুল ইসলাম মাসুম (৫)। তারা ওই এলাকার মাছ ব্যবসায়ী মো. মাসুদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাছ ব্যবসায়ী মাসুদ তার দুই ছেলেকে নিয়ে বাড়ির পাশের শাহ জামাল জামে মসজিদের পুকুরে গোসল করতে যান। এ সময় মাছের বরফ আসার খবর পেয়ে তিনি ছেলেদের পুকুরঘাটে রেখে বরফ নিতে যান। ধারণা করা হচ্ছে, ওই সময় শিশু দু’টি পুকুরের ঘাটে নামলে পিচ্ছিল জায়গায় পড়ে পানিতে ডুবে যায়।
কিছুক্ষণ পর মসজিদের মুয়াজ্জিন মাসুমকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করেন। পরে স্থানীয়রা মারুফকেও উদ্ধার করে সূবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুদের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”