
পটুয়াখালী প্রতিনিধিঃ
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের সচেতনতা ও সম্পৃক্ততা বাড়াতে পটুয়াখালীতে শুরু হয়েছে তরুণভিত্তিক পরিবেশ সচেতনতা উদ্যোগ “গ্রিন এনার্জি অলিম্পিয়াড ২০২৫”। বৃহস্পতিবার সকাল ১১টায় পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশন (ডিওয়াইএফ) এর আয়োজনে এবং পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালীর সহযোগিতায় আয়োজিত এই অলিম্পিয়াডে প্রাথমিকভাবে জেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩,০০০ শিক্ষার্থী অংশ নেবে। উদ্বোধনী পর্বে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী সরাসরি অংশগ্রহণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালীর সহকারী পরিচালক লোভানা জামিল এবং কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক সোহেল রানা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি আহম্মেদ কাওসার ইবু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, জ্বালানি সাশ্রয় এবং পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসারে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।
ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি আহম্মেদ কাওসার ইবু বলেন, উল্লেখ্য, ধাপে ধাপে জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও “গ্রিন এনার্জি অলিম্পিয়াড ২০২৫” অনুষ্ঠিত হবে, যাতে আরও বেশি তরুণ নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হতে পারে।