
রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী):
বিএনপি নেতাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে দল আজ জর্জরিত অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৫ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ফখরুল ইসলাম।
শুক্রবার সকাল ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট হাসপাতাল রোডের মেট্রো টাওয়ারে ‘তারুণ্যের সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল ইসলাম বলেন, “বিএনপির জেলা নেতৃবৃন্দ কেন কমিটি গঠন না করে দলকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে? বিগত চার বছরেও বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কমিটি হয়নি। এর ফলে সংগঠনে নেতৃত্বের শূন্যতা দেখা দিয়েছে, আর কোন্দলই বিএনপিকে জর্জরিত করে তুলেছে।”

তিনি আরও বলেন, “বর্তমানে কিছু নেতা চাঁদাবাজি ও বালুমহল দখলের সঙ্গে জড়িত। এমনকি জামায়াতের কিছু নেতাও এসব কর্মকাণ্ডে অংশ নিচ্ছে। সরকারের গোয়েন্দা বিভাগ, ডিজিএফআই, এনএসআই, সেনাবাহিনী ও পুলিশ থাকা সত্ত্বেও এসব অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমার কোনো সভা বা মিটিংয়ে যেন চাঁদাবাজরা উপস্থিত না থাকে, তা আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুল হক রাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা মহিলা দলের সভানেত্রী ও ভিপি শাহানাজ পারভীন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাস্টার আনিছুল হক, বসুরহাট পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তোয়াহা, উপজেলা বিএনপি নেতা একরামুল হক মিলন, এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মহিন উদ্দিন ছোটন প্রমুখ।